কবিতা: নিজের ব্যাকরণ
ছবি: জাতীয় অর্থনীতি

জীবন সবসময়ে একরকম যাবে না—

      মধুঋতু সবসময়ে থাকবে না!

প্রতারণা, ব্যর্থতা ও অবহেলা নিয়ে

         নিজের বাগানে— তবুও ফুটতে হবে,

হও তুমি ঝুমকোজবা, হও তুমি কাঠগোলাপ!

 

ধমক দেওয়া লোকেরা শুধু ধমক দেবে না

তিরস্কারও করবে!

        তোমার তেজ না থাকলে—

ব্যবহৃত তেজপাতা হয়ে পরিত্যক্ত হবে!

ধাড়ি লোকেরা ধাওয়া দিতে পারে

যদি তোমার নিজের ব্যাকরণ জ্ঞানটুকু না থাকে!

 

দিশেহারা হলে—আরও বিভ্রান্ত হবে—ধোঁকা খাবে

উড়কি ধানের মুড়কি মুখে তুলে দেবে না কেউ,

ধানি লঙ্কা দিয়ে মুড়ি খাবে কিংবা গুড় দিয়ে?

             সেই ইচ্ছেটুকু পূরণ হবে না।

 

যতক্ষণ বেঁচে আছো

     ততক্ষণ নড়াচড়া করো—হাঁটাচলা করো!

নিঃসাড় হয়ে পড়ে থাকলে—

হাজারিবাগের ঝাড়ুদার এসে

                   ফেলে দেবে তোমাকেও!