মৌলভীবাজার প্রতিনিধি: জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে মৌলভীবাজার জেলাজুড়ে বিশেষ মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। সোমবার (৮ জুন) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই বিশেষ তল্লাশি কার্যক্রম চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই কার্যক্রমটি ডিআইজি ড. জিললুর রহমানের নির্দেশে পরিচালিত হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা জোরদারে সিলেট রেঞ্জের ডিআইজি এর নির্দেশে আজ মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশ পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযানকালে জেলাজুড়ে বসানো চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং ট্রাফিক আইন না মানলে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা।
মৌলভীবাজার জেলা পুলিশ জানায়, জেলাজুড়ে চুরি, ছিনতাই, মাদক পাচার ও অবৈধ অস্ত্র বহন প্রতিরোধে এই অভিযানের পাশাপাশি পুলিশের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
