বরগুনা প্রতিনিধি: বরগুনায় এক মৌসুমি ব্যবসায়ী রাতে নিখোঁজ হওয়ার পর সকালে তার মস্তকবিহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো তার মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আলীম।
নিহত ব্যক্তি হলেন— গৌরীচন্না গ্রামের মোনসের আলী ব্যাপারীর ছেলে মো. শামীম ব্যাপারী (৪০)। তিনি পেশায় একজন মৌসুমি ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার বরাত দিয়ে পুলিশ ওসি জানান, রোববার রাত থেকে শামীম নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির সামনে খালের পাড়ে রক্তের দাগ এবং জুতোর সন্ধান পেয়ে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে খালে তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে পেটকাটা ও মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা মোনসের আলী ব্যাপারী ও তার মেয়ে জানান, রোববার সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে শামীম আর ফেরেননি। কারো সাথে তার কোনো শত্রুতা ছিল না। নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ওসি জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথা খোঁজার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুসন্ধান চালালেও সন্ধান পায়নি। মাথা উদ্ধারে পুলিশের অভিযান ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
—জা. অর্থনীতি/এলএটি