আসিফের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হননি শুটার

জাতীয় অর্থনীতি বিনোদন: জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিসিবি’র সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে আসিফ আকবর নিজে বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করেন। তবে ঘটনার পর সময় পার হলেও গুলি করা ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) ভোরে অফিসের নিচ থেকে বিকট শব্দ শুনে পার্কিংয়ে যান আসিফ আকবর। সেখানে নিজের গাড়ির কাচ ভাঙা দেখে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন তিনি। ফুটেজে দেখা যায়, অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি পার্কিংয়ে ঢুকে আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির অংশবিশেষ উদ্ধার করে। ঘটনায় আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হলেও এখনো শুটারকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

জা. অর্থনীতি/এআর