শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্টে যা লিখলেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার নব্বই দশকের দাপুটে দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমা। শাবনূরের অভিষেক আগে হলেও দুজনই দর্শকের কাছে অধিক জনপ্রিয়। এ ছাড়া, ব্যক্তিগত সম্পর্কের জায়গাও তারা নিজেদের আন্তরিকতা প্রকাশ করেছেন বারবার। এবার দেখা গেলো পূর্ণিমা তার ফেসবুকে শাবনূরকে নিয়ে ভালোবাসায় ভরা আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন। 

রূপালী পর্দার তারকাদের মধ্যে রেষারেষির গল্প যেখানে নিত্যদিনের খবর, সেখানে এই দুই তারকার মেলবন্ধন যেন ভক্ত-অনুরাগীদের বাড়তি নজর কেড়েছে। শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে পূর্ণিমা এর ক্যাপশনে লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র “শাবনূর” আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’ 

স্মৃতির পাতা হাতড়ে পূর্ণিমা আরও উল্লেখ করেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’ 

বর্তমানে শাবনূরকে রূপালী পর্দায় নিয়মিত দেখা না গেলেও ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও যে তাকে কতটা মিস করেন, তা স্পষ্ট পূর্ণিমার কথায়। শাবনূরের সুস্থতা কামনা করে পূর্ণিমা তার পোস্টে লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ্য থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’ 

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের অভিনয় ও সৌন্দর্য দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এক সময় পর্দায় তাদের তুমুল প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও বাস্তব জীবনে তাদের এই পারস্পরিক সম্মান ও ভালোবাসা ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত। 

—জা. অর্থনীতি/এনএ