কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ছবি সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাত ৯টা পর্যন্ত নিহতের মরদেহ কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে পড়ে ছিল।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শরীফপুর ইউপি নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, সীমান্তে গুলির খবর পেয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত ও প্রতিবাদ জানানোর প্রক্রিয়া চলছে।

মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সীমান্তে ৩১ জন বাংলাদেশি নিহত হয়েছেন। কুলাউড়া-কমলগঞ্জ সীমান্তে প্রায়ই এমন ঘটনা ঘটছে। ডিজি পর্যায়ের বৈঠকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার করা হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ আছে।

—জা.অর্থনীতি/এনজে