কলেজছাত্র সাজ্জাদের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী
জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৪ জুন) সচিবালয়ে সাজ্জাদুল তার এই অভিনব উদ্ভাবন প্রধানমন্ত্রীর সামনে বিশদভাবে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীকে সাজ্জাদুল ইসলাম জানান, তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে সম্পূর্ণ পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। এছাড়া কলাগাছের আঁশ বা তন্তু ব্যবহার করে ঢেউটিন, ফ্লোর টাইলস ও বোর্ড তৈরিতেও তিনি সফল হয়েছেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি করা এসব পণ্য যেমন পরিবেশবান্ধব, তেমনই সাশ্রয়ী।

তরুণ এই শিক্ষার্থীর উদ্ভাবন দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, "দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবন সত্যিই প্রশংসনীয়। তরুণদের এমন উদ্ভাবনী শক্তিই আগামীর বাংলাদেশ গড়বে।" একই সাথে প্রধানমন্ত্রী সাজ্জাদুলের এই উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং তার গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহিত করেন।

নিজের অনুভূতি প্রকাশ করে সাজ্জাদুল ইসলাম জানান, সঠিক সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব। এতে একদিকে যেমন কৃষি বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে, অন্যদিকে পরিবেশ দূষণ কমবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।

—জা. অর্থনীতি/এলএটি