প্রধানমন্ত্রীর সফরে মৌলভীবাজারে চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভা
জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ জুনের মৌলভীবাজার সফর উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা, শমশেরনগর বিমানবন্দর পরিদর্শন এবং সার্কিট হাউজে অবস্থানকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা করা হয়।

সংসদ সদস্য এম নাসের রহমান তার বক্তব্যে বলেন, "প্রধানমন্ত্রীর এই সফর মৌলভীবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকে সফল ও নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি যেন না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।"

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নির্দেশনা অনুযায়ী ট্রাফিক ব্যবস্থাপনা, জনসভাস্থলে দর্শনার্থীদের প্রবেশ পথ নির্ধারণ, মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পুরো মৌলভীবাজার জেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

—জা. অর্থনীতি/এলএটি