মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে টানা ৮০ দিন বন্ধ থাকার পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে পুনরায় চালু হয়েছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল।
সোমবার (১৫ জুন) দুপুরে হাসপাতালের পরিচালক আনোয়ারুল ইসলামসহ চিকিৎসকরা কর্মস্থলে যোগ দিয়েছেন।
গত ২৭ মার্চ শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক চা শ্রমিকের শিশুসন্তানের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ দল হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায় এবং কর্তব্যরত চিকিৎসকদের লাঞ্ছিত করে।
পরে নিরাপত্তার অভাবে চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর থেকে টানা ৮০ দিন এখানে চিকিৎসাসেবা বন্ধ ছিল।
হাসপাতাল পুনরায় চালুর দাবিতে ‘চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে’ স্লোগানে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন বিভিন্ন চা বাগানে দুই মাসেরও বেশি সময় ধরে ধারাবাহিক আন্দোলন চলছিল।
এ প্রেক্ষাপটে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং শমশেরনগর চা বাগানের মহাব্যবস্থাপক কামরুজ্জামান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেন।
ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, ডানকান ব্রাদার্সের ১৫টি চা বাগানের লক্ষাধিক অসহায় মানুষের চিকিৎসার ভরসা ছিল এই হাসপাতাল। নিরাপত্তার অভাবে সেবা বন্ধ ছিল। ব্যাপক যোগাযোগের পর কর্তৃপক্ষ চা শ্রমিকদের কথা বিবেচনা করে আবার সেবা চালু করেছে।
অবশেষে ৮০ দিন পর গতকাল কমলগঞ্জের শমশেরনগরে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাসেবা পুনরায় শুরু হয়েছে।
এদিকে দীর্ঘদিন সেবাবঞ্চিত ডানকান ব্রাদার্সের চা বাগানগুলোর শ্রমিক ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।
—জা.অর্থনীতি/এনজে
