জরাজীর্ণ বিদ্যালয়ের প্রাণ ফেরালো সেনাবাহিনী
ছবি সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি: দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ হাফছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নতুন রূপ দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন।

রোববার (২১ জুন) সকালে বিদ্যালয়টির নবনির্মিত ও সংস্কারকৃত অবকাঠামোর উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি। 

এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ ও ভঙ্গুর অবস্থায় ছিল। শিক্ষার্থীদের নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের ভবন সংস্কার, মাঠ উন্নয়ন, বারান্দা নির্মাণ এবং প্রয়োজনীয় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান করে সেনাবাহিনী।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে বিদ্যালয়টির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিদ্যালয়টি নতুন অবকাঠামো পেয়েছে। শিক্ষার উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

—জা. অর্থনীতি/এনজে