জামালপুর ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছরি থানার হরিচন্ডি গ্রামের মো. মনিরুল ইসলামের সন্তান। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি ও শিক্ষকতা করতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার একটি মসজিদে এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী কিশোরির বয়স ছিল ১৫ বছর।দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া যে মসজিদে ইমামতি ও শিক্ষকতা করতেন সেখানে আরবী পড়তে যেতেন ভুক্তভোগী কিশোরী। প্রতিদিন সকালে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন মুছা মিয়া। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সেই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

মামলায় ২০২১ সালের ৫ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করে আদালত। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আদালত।

—জা. অর্থনীতি/এনজে