মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার নুরন্নেছার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী নিজ বাড়িতে কাজ করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মোশারফ হোসেন ভেতরে প্রবেশ করে এবং ওই ছাত্রীকে ধর্ষণ করে।

ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে একটি অচেনা মোবাইল ফোনের রিংটোন শুনে ভুক্তভোগী ছাত্রীর মা আনোয়ারা খাতুন ফোনটি উদ্ধার করেন। কিছুক্ষণ পর মোশারফ হোসেন এসে ফোনটি নিজের দাবি করে নিয়ে যায়। পরে মেয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ করে তার মা ঘটনা জানতে চাইলে সে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। পরবর্তীতে তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার বিচার চলাকালে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) পারভীন সুলতানা এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মিয়াজান আলী মামলা পরিচালনা করেন।  

—জা. অর্থনীতি/এলএটি