কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২১) নামের এক ট্রাকের হেলপার (সহকারী) নিহত হয়েছেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টার দিকে মহাসড়কের বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ টিম পাঠিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যানজট নিরসন করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়ার অভিমুখে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতুগামী পাটের বস্তাবোঝাই একটি মালবাহী ট্রাক পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দশমাইল নামক স্থানে পৌঁছালে আচমকা সেটির সামনের চাকার টায়ার ফেটে যায়। এতে ট্রাকটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীতমুখী শ্যামলী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার মনির হোসেনের মৃত্যু হয়।
এই ঘটনায় দুই পরিবহনের অন্তত তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ লাইনে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ওসি বলেন, "সকালে ১০ মাইল এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
—জা. অর্থনীতি/এলএটি