স্বামীর জন্মদিনে ‘আপন নীড়’ কোথায় জানালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: তিন প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতোটুকুও ভাটা পড়েনি। বর্তমানে সিনেমায় নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনায় আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার রূপ-সৌন্দর্যও বরাবরই দর্শকদের আলোচনার কেন্দ্রে থাকে। 

এবার বিশেষ এক মুহূর্তে স্বামীর প্রতি নিজের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এই অভিনেত্রী। 

স্বামী আশফাকুর রহমান রবিনের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে মনের সবটুকু আবেগ ঢেলে দিয়েছেন পূর্ণিমা। স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘প্রিয় স্বামী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।’

জীবনসঙ্গীর প্রতি নিজের ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করে নায়িকা আরও বলেন, ‘সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি প্রার্থনা করি, এই নতুন বছরটি তোমার জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং তোমার মনের সব ইচ্ছে পূরণ করুক। তোমাকে সবসময় অনেক ভালোবাসি।’ 

উল্লেখ্য, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। 

যদিও ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপরই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে। এখন পর্যন্ত দারুণ জুটি হয়ে মিষ্টি-মধুর সংসার করছেন পূর্ণিমা। 

—জা. অর্থনীতি/এনএ