বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস পদার্পণ করলেন ৩৭ বছরে। আজ রবিবার তার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটির সূচনা করেছেন সন্তান আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে কেক কেটে। ফেসবুকে নিজের ওয়ালে প্রকাশ করেছেন সে সবের খবরছবি।
ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে জন্মদিনের আনন্দের মাত্রাও বহুগুণ বেড়ে গেছে বলে জানান এই অভিনেত্রী। অপু মনে করেন, জয় তার নি:সঙ্গ জীবনে আলোর ঝর্ণাধারা মতো। শুধু জন্মদিন নয়, নিজের ব্যক্তিগত সবকিছুতে ছেলে জয়ের উপস্থিতিই তার কাছে পূর্ণতা।
দুই দশক ধরে রূপালী পর্দার এই ঢালিউড কুইন সগৌরবে এগিয়ে চলেছেন। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সারির নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন অপু বিশ্বাস। ক্যারিয়ারে ঝুলিতে জমা করেছেন শতাধিক সুপারহিট সিনেমা। ব্যক্তিজীবনের নানা উত্থান-পতন ও কঠিন সময় পার করে আজ নিজেকে একজন ‘পরিপূর্ণ মানুষ’হিসেবে দাবি করেন তিনি।
অপু বিশ্বাসের মতে, অতীতের কোনো অধ্যায় নিয়ে তাঁর আক্ষেপ নেই। আবেগ নিয়ন্ত্রণ করে কীভাবে ঘুরে দাড়াতে হয়— জীবনের বাস্তবতা থেকেই তা শিখেছেন। দিনশেষে নিজের কাজ ও মাতৃত্বের আলোতেই অমর হয়ে থাকতে চান ঢালিউডের এই তারকা।
জা. অর্থনীতি/এআর