জাতীয় অর্থনীতি বিনোদন: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনয়শিল্পী আদনান আজাদের রোমান্টিক ফটোশুট ঘিরে নেটদুনিয়ায় জোর চর্চা চলমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই স্থিরচিত্রগুলোকে কেন্দ্র করে ভক্তদের মনে একটাই প্রশ্ন—এটি কি নিছক ফটোশুট, নাকি ঢালিউডে নতুন কোনো ধামাকা ঘটতে যাচ্ছে?
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমার পরিকল্পনাই এই ফটোশুটের মূল কারণ। দীর্ঘ ১৮ বছর আগে গুণী নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে অপুর বিপরীতেই ঢালিউডে অভিষেক হয়েছিল আদনানের। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে চান তিনি। বগুড়ার এই দুই সুপরিচিত মুখের যৌথ প্রয়াসে বড় বাজেটের একটি আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে।
অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনেই ফটোশুটটি করা। ফটোশুটের ছবি প্রকাশের পর থেকেই দর্শক ও ভক্তদের দারুণ সাড়া পাচ্ছি। আদনান বড় পরিসরে ছবি বানাতে আগ্রহী, যা নিয়ে আমাদের আলোচনা এগোচ্ছে।’
অন্যদিকে আদনান ফেসবুকে অপুকে ‘প্রফেসর’ আখ্যা দিয়ে সেকেন্ড ইনিংস শুরুর ইঙ্গিত দিয়েছেন। প্রায় ২৭ হাজার প্রতিক্রিয়া পাওয়া সেই পোস্টে নেটিজেনরাও মুখিয়ে আছেন এই জুটিকে আবারও রূপালী পর্দায় দেখার জন্য।
উল্লেখ্য, অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী আলোকচিত্রী হিসেবে পরিচিত আদনানের এই ফেরা ঢালিউডে নতুন সমীকরণ তৈরি করে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।
জা. অর্থনীতি/এআর