বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও চা-কন্যা ভাস্কর্য সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবকের বাড়ি হবিগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতগাঁও চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। চা-কন্যা ভাস্কর্য এলাকাটি একটি বিপজ্জনক বাঁক। এখানে প্রায়ই দ্রুতগতির দূরপাল্লার বাস ও পর্যটকবাহী যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা এই স্পটে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও গতিরোধক (স্পিড ব্রেকার) বসানোর দাবি জানিয়েছেন।

ওসি বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহত ব্যক্তিরা মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।" এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, যার ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

—জা. অর্থনীতি/এলএটি