চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ ব্যবসায়ীর
ছবি: জাতীয় অর্থনীতি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি, হয়রানি এবং মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. জামিনুর রহমান তুহিন। একটি স্বার্থান্বেষী মহল চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে দাবি করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২৮ জুন) নিজ ব্যবসাপ্রতিষ্ঠান "মেসার্স নাহার এন্টারপ্রাইজ"-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জামিনুর রহমান।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি ভাটিয়াপাড়া (বরাশুর) এলাকায় সুনামের সঙ্গে রড-সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু একটি চক্র তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সম্প্রতি কিছু গণমাধ্যমে তাকে জড়িয়ে 'আলাদীনের চেরাগ' সংক্রান্ত ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে।

ভুক্তভোগী তুহিন বলেন, প্রকাশিত সংবাদে তার নামে একাধিক ভুয়ো প্রতিষ্ঠানের মালিকানা দাবি করা হলেও বাস্তবে তার একমাত্র বৈধ প্রতিষ্ঠান ‘নাহার এন্টারপ্রাইজ’। এটিও ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি নিয়মিত কর পরিশোধ করেন। এই অপপ্রচারের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রকৃত তথ্য তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি