শুটিংয়ের ফাঁকে গোপনে ভিডিও ধারণ, অভিনেত্রীর ক্ষোভ

জাতীয় অর্থনীতি বিনোদন: নাটকের শুটিংয়ে বিরতির সময় অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও তা থেকে অর্থ উপার্জনের গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী রেশমা আহমেদ। শুটিংয়ের সঙ্গে যুক্ত কিছু অসাধু ব্যক্তির এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অভিযোগ জানান অভিনেত্রী। তিনি উল্লেখ করেন, দৃশ্য ধারণের ফাঁকে ১০ মিনিটের বিরতিতে শিল্পীরা চা খাওয়া, গল্প করা বা সহশিল্পীদের সঙ্গে একটু আনন্দ করে পরবর্তী কাজের জন্য শক্তি সঞ্চয় করেন তারা। কিন্তু এই একান্ত ব্যক্তিগত সময়টুকুও নিরাপদ নয়।

রেশমার অভিযোগ, লাইট ও ক্যামেরা সহকারী, মেকআপ সহকারী কিংবা শুটিংয়ে উপস্থিত কোনো কোনো অতিথি আড়ালে শিল্পীদের সেই বিশ্রামের মুহূর্তগুলো ভিডিও করেন। পরবর্তীতে তা দিয়ে রিলস বানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করে অর্থ উপার্জন করছেন তারা। শিল্পীদের এমন গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় বিনোদন অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছে। দ্রতই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সবাই।

জা. অর্থনীতি/এআর