এবারের বাজেট জীবনবান্ধব: প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

জাতীয় অর্থনীতি ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক এবং বাস্তবমুখী। তার মতে, এই বাজেটের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তত কিছুটা স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বাজেটে ৬১টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সংকটকে তিনি অস্বীকার করতে চান না, তবে সেগুলোকে অজুহাত হিসেবেও ব্যবহার করতে চান না। তিনি বলেন, অর্থ পাচারের কারণে একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।

তারেক রহমান আরও বলেন, দেশে এখন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চান বলেও তিনি মন্তব্য করেন।

—জা. অর্থনীতি/এআইই