এবার ভিলেন মেহজাবীন

জাতীয় অর্থনীতি বিনোদন: সিনেমার নাম ‘খলনায়ক’, আর তাতে অতিথি চরিত্রে যুক্ত হয়ে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে কি মেহজাবীন এবার ভিলেনের খোলসে পর্দায় কাঁপন ধরাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

ছোট পর্দা ও ওটিটির সফল নির্মাতা ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খলনায়ক’। সম্প্রতি কলকাতার এক স্টুডিওতে নিজের অংশের শুটিংও শেষ করেছেন মেহজাবীন। তবে তার চরিত্রটি নেতিবাচক নাকি অন্য কোনো টুইস্ট—সেটি নিয়ে নির্মাতা ও অভিনেত্রী দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। মুক্তির আগে দর্শকের কৌতূহল বজায় রাখতে চরিত্রটি পুরোপুরি গোপন রাখা হয়েছে।

সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সময়ের আলোচিত জুটি আফরান নিশো ও তমা মির্জা। এর আগে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর এটি তাদের তৃতীয় সিনেমা। এছাড়া এই তারকাবহুল প্রজেক্টে আরও যুক্ত আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার।

ঢাকা ও কলকাতার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে নজর কেড়েছিলেন মেহজাবীন। তবে ‘খলনায়ক’-এ তার এই বিশেষ উপস্থিতি গল্পে কী মোড় আনে, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ঈদুল ফিতর পর্যন্ত।

জা. অর্থনীতি/এআর