বিনোদন ডেস্ক: আকা সিরিজে দারুণ অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ পপুলার বিভাগে সেরা পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন আফরান নিশো।
ভিকি জাহেদ পরিচালিত সাত পর্বের হইচই অরিজিনাল সিরিজটি মনস্তাত্ত্বিক ও সামাজিক থ্রিলারধর্মী। এর কেন্দ্রীয় চরিত্র আজাদ, যার আরেক নাম ‘আকা। শৈশবে পরিবারের মধ্যে ঘটে যাওয়া একটি সহিংস ঘটনার ভয়াবহ প্রত্যক্ষ অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এতে সে একাকী হয়ে পড়ে এবং সমাজের অন্যদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হিমশিম খায়।
সেরা অভিনেতার পুরস্কার প্রাপ্তিতে আফরান নিশো দর্শকদের প্রতি তার ভালবাসা জানিয়েছেন। এছাড়াও তিনি আকার পরিচালক ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত বসে এই আসর। দেশের দ্রুত বিকাশমান ডিজিটাল বিনোদন জগতের সৃজনশীলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ আয়োজনে পুরস্কার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের সেরাদের।
জা অর্থনীতি/এআর