যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামের কৃষক হারুনার রশিদ (৪৬) নিখোঁজ হওয়ার ১২ দিন পরও তার কোনো সন্ধান না মেলায় সংবাদ সম্মেলন করেছে পরিবার।
বুধবার (১ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে নিখোঁজ কৃষকের সন্ধান ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তার বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক এমরান আলী মাস্টার।
লিখিত বক্তব্যে এমরান আলী জানান, গত ২০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে কেশবপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন হারুনার রশিদ। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ২১ জুন রাতে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পেরেছে যে, হারুনার রশিদের ব্যবহৃত ফোনের সর্বশেষ অবস্থান ছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলার জুইখালী কামারালী এলাকায় এবং সেখানেই ফোনটি বন্ধ হয়ে যায়। সেখানে স্বজন ও পুলিশ গিয়ে খোঁজ করলেও কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে বিষয়টি অধিকতর তদন্তের জন্য র্যাব-৬-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ পরিবারকে জানায়।
নিখোঁজ হারুনার রশিদের স্ত্রী শিল্পী বেগম জানান, বাজারে থাকা অবস্থায় একটি ফোনকল পাওয়ার পর পাওনা টাকা আনার কথা বলে তিনি বের হয়েছিলেন। হারুনার রশিদ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার নিখোঁজে স্ত্রী ও তিন সন্তান নিয়ে পরিবারটি চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছে।
প্রযুক্তির এই যুগে ১২ দিন পার হলেও ভাইয়ের জীবিত বা মৃত কোনো হদিস না মেলায় এবং কেউ গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবার। সংবাদ সম্মেলনে হারুনার রশিদের স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি
