নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় শিক্ষার্থীর মরদেহ
ছবি সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মোকাম এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। তিনি কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

নিহত আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তার বাড়ি ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান বুড়িচংয়ের কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে খোঁজ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়।

এদিকে, আদনানের নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে জানিয়েছেন ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম। 

তিনি জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। আজ সকালে মোকাম এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিখোঁজ হওয়ার পর দুই দিন পেরিয়ে পুকুরে ভারতীয় এই মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুর পেছনে কোনো দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

—জা. অর্থনীতি/এনজে