নারী শ্রমিক মৃত্যুর জেরে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ছবি সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির মুখে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকার 'ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২)' অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এই সত্যতা নিশ্চিত করেন। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে বুধবার সকাল থেকে কারখানার সব কার্যক্রম স্থগিত থাকবে।

নিহত নারী শ্রমিকের নাম রুবিনা বেগম (৫০)। তিনি ওই কারখানার সুইং অপারেটর এবং সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের বাসিন্দা ছিলেন।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২৭ জুন শনিবার কারখানার ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুবিনা বেগম। কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে প্রথমে কোনাবাড়ী ক্লিনিকে এবং পরে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রুবিনা বেগমের মৃত্যুতে কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে গত ২৮ জুন রবিবার সকাল থেকে আন্দোলনে নামেন সহকর্মী শ্রমিকরা। তাদের দাবি, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা হলে তাকে বাঁচানো সম্ভব হতো।

কারখানা কর্তৃপক্ষের নোটিশে দাবি করা হয়েছে, ঘটনার পর থেকেই শ্রমিকরা কারখানায় বেআইনি ধর্মঘট পালন করছেন। ২৯ ও ৩০ জুন শ্রমিকরা কারখানায় হাজিরা দিলেও কাজে যোগদান না করে দুপুরের পর চলে যান। এমন পরিস্থিতিতে কাজের অনুকূল পরিবেশ না থাকায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জানান, কারখানা কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যু হয়েছে কি না তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এছাড়া কারখানা বন্ধের বিষয়টি শ্রম আইন অনুযায়ী কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

—জা. অর্থনীতি/এলএটি