টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৩
ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চেরাগআলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন-  মো. লালচান (৬০), তার স্ত্রী মোছা. নাসিমা বেগম (৫০) এবং তাদের কন্যা মোছা. তানিসা আক্তার (১৬)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী থেকে দগ্ধ অবস্থায় তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, তিনজনের শরীরেই ‘ফ্লেম বার্ন’ বা আগুনের তীব্র পোড়া আঘাত রয়েছে। এর মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসা আক্তারের ৮৬ শতাংশ এবং নাসিমা বেগমের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হওয়ায় তিনজনকে জরুরি ভিত্তিতে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোরে চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় হঠাৎ গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কীভাবে বা ঠিক কী কারণে গ্যাস জমা হয়ে এ বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

—জা.অর্থনীতি/এনজে