সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনায় সার্কের আঞ্চলিক বৈঠক শুরু

অনলাইন ডেস্ক: দক্ষিণ এশিয়ার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক (মেরিন ফিন ফিশ) মাছের টেকসই ব্যবস্থাপনা এবং এ খাতে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে মালদ্বীপের রাজধানী মালেতে দুই দিনব্যাপী সার্ক আঞ্চলিক পরামর্শ সভা শুরু হয়েছে।

বুধবার (১ জুলাই) শুরু হওয়া এই সভায় সার্কভুক্ত দেশগুলোর নীতিনির্ধারক, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, গবেষক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। যৌথভাবে এ সভার আয়োজন করেছে সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি), মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদ মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার মোহাম্মদ মুথথালিব। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য টেকসই সম্পদ ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই।

‘বর্তমান ব্যবস্থাপনা পরিস্থিতি ও সহযোগিতার সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্যবিজ্ঞানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব। তিনি উল্লেখ করেন, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ, অবৈধ ও প্রতিবেদনবিহীন মাছ শিকার, জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক আবাসস্থলের অবক্ষয়ের নানান বিষয়। ড. ওহাব জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার মৎস্যসম্পদের এই বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নেওয়া এখন একান্ত জরুরি।

নেপালে অবস্থিত সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, টেকসই মৎস্য ব্যবস্থাপনা, যৌথ গবেষণা, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন (ভ্যালু এডিশন) এবং মৎস্য খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সার্ক দেশগুলোর সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনূর রশীদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরও কার্যকর করতে হবে। এ লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্রের অধীনে একটি বিশেষায়িত ‘সামুদ্রিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম’ গঠন করা এখন সময়ের দাবি।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলভিত্তিক উন্নয়ন সংস্থা সুশীলন-এর প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান বলেন, সামুদ্রিক পাখনাযুক্ত মাছ দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা এবং আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এ সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারে সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

অনুষ্ঠানের সমন্বয়কারী এবং ঢাকায় অবস্থিত সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (মৎস্য) ড. মো. শরীফুল ইসলাম সভার মূল উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, নীতিনির্ধারণী সংলাপ এবং যৌথ গবেষণা ও উন্নয়নের অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এই পরামর্শ সভার মূল লক্ষ্য।

দুই দিনব্যাপী এই পরামর্শ সভায় সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক গবেষণা, নীতি সমন্বয়, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা আলোচনা করা হবে।

জা.অর্থনীতি/এসআই