আইইউটির উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ
ছবি: জাতীয় অর্থনীতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ। বাংলাদেশ সরকারের সুপারিশের ভিত্তিতে ওআইসি-এর মহাসচিব তাকে এ পদে নিয়োগ দেন। তিনি গত ১৪ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) আইইউটি উপাচার্যের ব্যক্তিগত সচিব নাহিদুল ইসলাম প্রধানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষকতা, গবেষণা এবং উচ্চশিক্ষা প্রশাসনে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক রিয়াজ জাপানের ইবারাকি ইউনিভার্সিটি (Ibaraki University) থেকে বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আইইউটিতে যোগদানের আগে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস (Universiti Malaysia Perlis)-এ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (Universiti Kebangsaan Malaysia) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

আইইউটির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক রিয়াজ ২০৩৫ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিকে "ওআইসির গ্রিন ডিজিটাল ইউনিভার্সিটি" হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি শিক্ষা ও পাঠ্যক্রম আধুনিকায়ন, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষার্থীকেন্দ্রিক ক্যাম্পাস উন্নয়ন, গ্রিন-ডিজিটাল সুশাসন এবং মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।

নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজের গ্রামের বাড়ি পাবনা জেলায়।

—জা. অর্থনীতি/এলএটি