সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান
ছবি: জাতীয় অর্থনীতি

ঠাকুরগাঁও প্রতিনিধি: সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, "রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। তবে অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক।" তিনি সাংবাদিকদের ব্যক্তি নয়, বরং কাজকে মূল্যায়ন করার এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মন্ত্রী আরও জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সবশেষে তিনি নবনির্বাচিত কমিটিকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

—জা. অর্থনীতি/এলএটি