মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকায় একদল কিশোরের ভয়ংকর আচরণ ও সন্ত্রাসী কার্যকলাপে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। প্রকাশ্যে মারামারি, ছিনতাই ও ভয়ভীতি দেখানোর ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এই তথ্য নিশ্চিত করেন।
রোববার (৫ জুলাই) প্রাপ্ত তথ্যে জানা যায়, টেংরাবাজারসহ আশপাশের এলাকায় দিন দিন কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "একদল কিশোর কীভাবে এতটা ভয়ংকর হয়ে উঠছে তা ভাবা যায় না। এখনই লাগাম টেনে ধরা না হলে সমাজের নিরাপত্তা বড় হুমকির মুখে পড়বে। আমরা এমন সমাজ চাই যেখানে কোনো বাবা-মাকে সন্তানের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হবে না।" অপরাধী যে-ই হোক, তার নেপথ্যের আশ্রয়দাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এলাকাবাসী রাজনগর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, টেংরাবাজারসহ আশপাশের এলাকায় নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, কিশোর গ্যাং সদস্যদের তালিকা তৈরি করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম চালানো এখন সময়ের দাবি।
ওসি জানান, টেংরাবাজার এলাকায় কিশোরদের দিয়ে অপরাধ সংঘটনের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, বেকারত্ব ও সামাজিক অবক্ষয়ের কারণে কিশোররা এই ধরনের অপরাধের দিকে ঝুঁকছে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর ফল আরও ভয়াবহ হবে।
—জা. অর্থনীতি/এলএটি