পূজার ছুটিতে মৌলভীবাজারে পর্যটকের ঢল, হোটেল-রিসোর্টে ৯০ ভাগ বুকিং
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: শরতের নীল আকাশ, সবুজ চা-বাগান, পাহাড়ি ঝরনা আর হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পূজার ছুটিতে মৌলভীবাজারে পর্যটকদের আগ্রহ বাড়ছে।পর্যটকদের বরণে প্রস্তুত জেলার হোটেল, রিসোর্ট ও কটেজগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কোনো প্রতিষ্ঠানে আগাম বুকিং হয়েছে ৮০ থেকে ৯০ শতাংশ, আবার কোথাও সব কক্ষই বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর, হামহাম ঝরনা ও চা-বাগানের পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করছে মণিপুরি সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবার। পূজার ছুটিকে ঘিরে তাই পর্যটন ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি মো. সেলিম আহমদ বলেন, উৎসবের সময়ে হোটেল-রিসোর্টে সাধারণত ৯০ থেকে ৯৫ শতাংশ কক্ষ বুকিং থাকে। পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি উদ্যোগ আরও বাড়ানো দরকার।

পর্যটকদের কাছে স্থানীয় সংস্কৃতি তুলে ধরছে কমলগঞ্জের ভানুবিল মাঝের গাঁওয়ের মণিপুরি কমিউনিটিভিত্তিক পর্যটনকেন্দ্র ‘মাঙাল ময়ুম’।

এর উদ্যোক্তা নিরঞ্জন সিংহ বলেন, পর্যটকেরা এখানে মণিপুরি নাচ-গান, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হন। এতে একদিকে মণিপুরি সংস্কৃতি পরিচিতি পাচ্ছে, অন্যদিকে স্থানীয় মানুষের বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

এদিকে পর্যটনশিল্পের বিকাশে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার দুরবস্থাকে বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ট্যুর গাইড অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম সিলেট-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোসহ যোগাযোগব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে টহল ও হেল্পডেস্ক থাকবে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে পর্যটকদের আগমন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে পূজার আগে, চলাকালে ও প্রতিমা বিসর্জনের সময় সতর্ক নজরদারি থাকবে।

—জা.অর্থনীতি/এনজে