অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় ২ পুলিশ সদস্য কারাগারে
ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় মাদক উদ্ধারের নামে অভিযানে গিয়ে স্বর্ণ চুরির ঘটনায় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

রোববার (৫ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্বর্ণ চুরির দায়ে গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন- ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল বাশার এবং সদর মডেল থানার কনস্টেবল আরিফুল ইসলাম। এ ঘটনায় পুলিশে দুই সোর্স মিরাজুল ইসলাম শুভ ও রানাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আরিফুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুই সোর্সকে সঙ্গে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকার সুমা আক্তার নামের এক নারীর বাড়িতে মাদক উদ্ধারের নামে ওই বাড়ি থেকে তারা গয়না চুরি করেন। পরে এই ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানা একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এর আগে গত ২ জুলাই বিকেলে ফতুল্লার জামতলায় ওই বাড়িতে সাদা পোশাকে সোর্স দিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর সময় স্থানীয় লোকজন দুই সোর্সসহ ওই দুই পুলিশ সদস্যকে গণপিটুনি দেয়। পরে জরুরি নাম্বারে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে দুই পুলিশ সদস্য ও দুই সোর্সকে উদ্ধার করে থানা নিয়ে আসে। 

—জা.অর্থনীতি/এনজে