সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক: সরকারি যেকোনো অনুষ্ঠানের প্রচারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এ-সংক্রান্ত নির্দেশনা আজ থেকেই কার্যকর করতে সব সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি-থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে-ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। পাশাপাশি প্রচারণায় প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে হবে।

এছাড়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু জনসাধারণের কাছে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

পরিপত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

জা.অর্থনীতি/এসআই