রামগড়ে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের টিআর (চাল) কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রোববার (৫ জুলাই) জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও তদন্ত কমিটির আহ্বায়ক হাসান মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দুর্জয় গোস্বামী এবং সহকারী কমিশনার শরিফুল ইসলাম। অভিযোগ তদন্তে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় রামগড় পৌরসভা কার্যালয়ে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এর আগে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া মোট ২৭ মেট্রিক টন চাল বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম এ করিম। অভিযোগে বলা হয়, একাধিক প্রতিষ্ঠান চাল না পেয়ে নগদ ৭ হাজার, ৯ হাজার বা ২০ হাজার টাকা পেয়েছে; আবার কিছু প্রতিষ্ঠানের নামে চাল উত্তোলন দেখানো হলেও তারা কিছুই জানেন না। 

এ বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম জানান, প্রাথমিক অনুসন্ধান শেষে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে, প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে পিআইও এস এম এ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

—জা. অর্থনীতি/এলএটি