মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক শুঁটকি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন— আব্দুল আজিজ (৩৫)। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণগ্রামের ছোবহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
ওসি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার উদ্দেশ্য কী এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি