নিউগিনি প্রপার্টিজে হামলা: জামায়াত এমপির জামাতার জামিন

জাতীয় অর্থনীতি অনলাইন: কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমান/ফাইল ছবিরাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমান। 

পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতে মিজানুর রহমানের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সৈকত হোসেন। 

অন্যদিকে, মামলার বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। তবে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন না। পরে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।মামলার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১ অক্টোবর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৭ অক্টোবর তাকে আবার কারাগারে পাঠানো হয়। জামিন পাওয়ার আগ পর্যন্ত তিনি কারাগারে আটক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ওই প্রজেক্টের ভেতরে অবস্থান করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওটি ‌‘ক্রসফায়ারে’ পড়ে যায় এবং হামলাকারীরা স্টুডিওর ভেতরে ঢুকে দামি শুটিং সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর ও লুট করে। পরে ঘটনাটিতে দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

—জা.অর্থনীতি/আরএস