চা বাগান থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
ছবি সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগান থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাগানের ৯ নম্বর সেক্টর থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। 

স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, দুপুরে ওই সেক্টরে চা পাতা সংগ্রহের সময় ঝোপের মধ্যে হঠাৎ বিশাল সাপটি দেখতে পেয়ে শ্রমিকদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিক কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান এবং বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে বিষয়টি জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "উদ্ধার হওয়া অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক ১৪ কেজি। সাপটি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছে। উদ্ধারের পর অজগরটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।"

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, সাপটিকে সার্বিক পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই শেষে নিকটবর্তী নিরাপদ গভীর বনে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী উদ্ধারকারী দল দ্রুত এসে সাপটি নিয়ে যাওয়ায় আতঙ্ক কাটিয়ে স্বস্তি প্রকাশ করেছেন চা বাগানের সাধারণ শ্রমিকরা।

—জা. অর্থনীতি/এলএটি