ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ছবি সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ভ্যান দুমড়েমুচড়ে চালকসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— ডোমারের নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মনসহ একই পরিবারের তিন আরোহী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। 
—জা. অর্থনীতি/এলএটি