বোরকা পরে কালকিনিতে হামলা-বোমা বিস্ফোরণ, গণপিটুনিতে নিহত ১
ছবি সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজনের ধাওয়া ও মারধরে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে।

হামলায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের মধ্যে দুই ভাই মহাসিন ও জহির চৌকিদারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত তাইজুল আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানের সামনে অটোরিকশা থেকে বোরকা পরা ৪ যুবক নেমে পরপর ৩টি বোমার বিস্ফোরণ ঘটান। এরপর তারা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার এবং মহাসিন ও জহির চৌকিদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে কয়েকজন আহত হন।

পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করলে ৩ জন পালিয়ে যান। তাইজুলকে আটক করে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে হামলায় আহত আপন দুই ভাই মহাসিন ও জহির চৌকিদার। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বিশেষ করে জহিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় দফাদার ও বাজার কমিটির সভাপতি ফিরোজ সরদার বলেন, দোকানের সামনে ৪ জনকে বোরকা পরা অবস্থায় দেখে প্রথমে ভেবেছিলাম, তারা নারী ও ভিক্ষা করতে এসেছেন। অটোরিকশা থেকে নেমেই তারা ৩টি বোমা বিস্ফোরণ ঘটান। একটি বোমার বিস্ফোরণে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর তারা জহিরকে কোপাতে শুরু করেন। মিলন চেয়ারম্যান তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার শরীরেও রক্ত লাগে। পরে মহাসিনের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা ধাওয়া করলে ৩ জন পালিয়ে যায়। তাইজুলকে আটক করার পর মারধরে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে অন্য এলাকা থেকে আসা কয়েকজন কালিগঞ্জে চাঁদাবাজি, মামলা-বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনা ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, সকালে সাবেক চেয়ারম্যান মিলন সরদার তার লোকজন নিয়ে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় বোরকা পরিহিত ৪ জন তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের মধ্যে নিহত তাইজুল, সাইফুল ও আলামিন- এই ৩ জনকে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, মহাসিন ও জহিরের সঙ্গে তাইজুলের হাতাহাতি হয়। পরে তাইজুল পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন এবং মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

—জা. অর্থনীতি/এনজে