ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু
ছবি: জাতীয় অর্থনীতি

ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রা শুরু হয়েছে । ধামরাই বাজারের রথখোলা থেকে রথ টানার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। রথটি টানা শেষ হলে আগামী এক সপ্তাহ ধরে চলবে রথমেলা। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ছয়টার দিকে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব উপলক্ষে বিকাল  ৫ টার দিকে ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় মাধব মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। পরে মাধব বিগ্রহ (মাধব মূর্তি) রথে নিয়ে স্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ মন্দির কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব:)। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকান্ত বণিক। 

রথযাত্রা উৎসবকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি নুরুল ইসলাম মনি তার বক্তব্যে বলেন, "আমার খুব ভালো লেগেছে, আমার বুক ভরে গেছে মানুষে মানুষের সম্প্রীতি দেখে। আমি ধামরাইয়ের রথ উৎসবের কথা শুনেছি ব্যারিস্টার জিয়ার থেকে। আমার খুব ইচ্ছা ছিল একবার আসার। কিন্তু আমি যে প্রধান অতিথি হয়ে আসবো তা আমি কখনো ভাবিনি। আমার খুব ভালো লেগেছে, আমি আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই।"

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ পুরোহিতের হাতে প্রতীকী রশি প্রদান করেন। এর কিছু সময় পর ভক্তরা পাটের রশি ধরে টেনে শ্রী শ্রী যশোমাধবকে তার শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান। সেখানে নয় দিন অবস্থানের পর ২৪ জুলাই পুনরায় আবার বাড়ি আনা হবে উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে। 

—জা. অর্থনীতি/এলএটি