এআই দিয়ে তৈরি গুরু চিন্ময়ানন্দের কাছে আশীর্বাদ চাইলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: প্রযুক্তির অভিনব ব্যবহারে প্রয়াত আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে কথোপকথনের সুযোগ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুর হলোগ্রাফিক অবতার দেখে পুরোনো স্মৃতিতে ফিরে যাওয়ার পাশাপাশি নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে তার আশীর্বাদও কামনা করেন মোদি।

রবিবার (২৫ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার নয়াদিল্লিতে চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলন’ উদ্বোধন করেন মোদি। অনুষ্ঠানে প্রযুক্তির সাহায্যে তৈরি স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় মোদি বলেন, বর্তমানে তিনি যেসব কাজ করতে চান, সেগুলো সম্পন্ন করার জন্য গুরুর আশীর্বাদ কামনা করছেন। জবাবে হলোগ্রাফিক অবতারের মাধ্যমে চিন্ময়ানন্দ বলেন, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।’

এই অভিজ্ঞতাকে আবেগঘন উল্লেখ করে মোদি বলেন, হলোগ্রামে গুরুকে দেখে তার মনে হয়েছিল, যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছেন।

১৯৯৩ সালে স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, ওই বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে তাদের দেখা হয়েছিল। সে সময় শিকাগোয় বিশ্ব ধর্ম সংসদের শতবর্ষ উদযাপনে অংশ নেওয়ার জন্য চিন্ময়ানন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তবে অনুষ্ঠানটির কয়েক সপ্তাহ আগে, ৩ আগস্ট ১৯৯৩ সালে, গুরু মারা যান বলে জানান মোদি।

মোদি আরও বলেন, গুরুর সঙ্গে শেষ সাক্ষাতে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং এর মাধ্যমে সক্ষম ভারত গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের সরকারপ্রধান হওয়া পর্যন্ত তার রাজনৈতিক যাত্রায় গুরুর আশীর্বাদ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে চিন্ময় মিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোদি বলেন, প্রতিষ্ঠানটি শুধু একটি সংগঠন নয়, এটি ‘চিন্ময় ভাবনা’রও প্রতিনিধিত্ব করে।

জা.অর্থনীতি/এসআই