মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক
ছবি: জাতীয় অর্থনীতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে মাদক ব্যবসার অভিযোগে এক যুবক ও তার মাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন - পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০)

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দীর্ঘদিন ধরে পারভেজ ও তার পরিবারের সদস্যরা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এতে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়। পরে শুক্রবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে একত্রিত করা হয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়। তবে সেই দাবি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান। পুলিশ আসার আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মাদকের একটি অংশও আগুনে পুড়ে যায়।

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, বাড়িতে গিয়ে তারা বিপুল পরিমাণ মাদক পেয়েছেন।

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আমরা একাধিকবার সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন। পরে পুলিশ এসে পারভেজ ও তার মাকে হেফাজতে নেয়। এর আগে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের নির্দেশনায় একটি মাদক নির্মূল কমিটি গঠন করে দেয়া হয়েছিল । 

ওসি জানান, মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 —জা. অর্থনীতি/এলএটি