‘পুজো দিতে চল’- স্বামীকে ডেকে নিয়ে খুন, গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুরে মন্দিরে যাওয়ার অজুহাতে স্বামীকে নিয়ে গিয়ে প্রেমিকের সহায়তায় হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। নিহত রমেশের সঙ্গে প্রায় দুই বছর আগে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা হাসিনির বিয়ে হয়। দম্পতি চিত্তুরে বসবাস করতেন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের পরও হাসিনি তার প্রেমিক যুগন্ধরের সঙ্গে যোগাযোগ রাখতেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা রমেশকে হত্যার পরিকল্পনা করছিলেন।

বৃহস্পতিবার হাসিনি স্বামীকে মন্দিরে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে বের হন। রমেশ বাইকে স্ত্রী ও কন্যাকে নিয়ে রওনা দেন। পথে হাসিনি মোবাইল থেকে প্রেমিককে ‘লাইভ লোকেশন’ পাঠান বলে অভিযোগ। পূর্বপরিকল্পনা অনুযায়ী পাহাড়ি রাস্তার একটি বাঁকের কাছে তিনি ইচ্ছাকৃতভাবে নিজের ব্যাগ ফেলে দেন। রমেশ বাইক থামাতেই ওত পেতে থাকা যুগন্ধর ও তার সহযোগীরা হামলা চালায়। পালানোর চেষ্টা করলেও রমেশকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর হাসিনির আচরণে সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজে রমেশের সঙ্গে হাসিনিকে মন্দিরের পথে যেতে এবং পরে অন্য এক ব্যক্তির মোটরসাইকেলে ফিরতে দেখা যায়। রমেশের মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয়।

পুলিশ হাসিনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রেমিক যুগন্ধরের নাম উঠে আসে। পরে হাসিনি ও যুগন্ধরকে গ্রেপ্তার করা হয়। যুগন্ধরের আরও দুই সহযোগীকেও হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সূত্র: আনন্দবাজার

জা.অর্থনীতি/এসআই