চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলুকদিয়া বাজারে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতো আব্দুল্লাহ। একটি মোটরসাইকেলের ত্রুটি চিহ্নিত করতে পরীক্ষামূলক চালনা করে সে। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি