কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানগুলো পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আখাউড়া, কাজিয়াতলী, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহলদল।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, স্টেরাইল নোরাড্রেনালিন কনসেন্ট্রেট আইপি ওষুধ, গরু, চকলেট, বাজি, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি
