আসামে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে বন্যার পানি নামতে শুরু করলেও গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে।

তবে বন্যাকবলিত মানুষের সংখ্যা কিছুটা কমে বর্তমানে ৩ লাখ ৩২ হাজারে নেমে এসেছে বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)।

মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে ৯ লাখ টাকা করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে– বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নওগাঁও, সোনিতপুর, কামরূপ জেলা এখনও বন্যার পানিতে প্লাবিত। এসব জেলার ৬২২টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিমানবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা।

এএসডিএমএর বুলেটিনে বলা হয়েছে, বন্যার কারণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ৩৪২ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ফসল, ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।

সূত্র: এনডিটিভি

—জা.অর্থনীতি/জেআরটি