শুটিংয়ে গুরুতর চোট পেলেন রাশমিকা মানদানা
ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ পর্দায় একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেলেও শুটিং ফ্লোরের পেছনের গল্প সবসময় কোমল হয় না। জীবনের ঝুঁকি নিয়ে শট দিতে গিয়ে এবার গুরুতর চোট পেয়েছেন দক্ষিণী ও বলিউড তারকা রাশমিকা মানদানা। 

মাইসা সিনেমার অ্যাকশন ও নাচের দৃশ্য শুট করতে গিয়ে ডান হিপে মারাত্মকভবে আঘাত পান এই অভিনেত্রী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য নিজের শারীরিক অবস্থার আপডেট শেয়ার করেছেন তিনি। 

কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছিলেন রাশমিকা। হঠাৎই দীর্ঘ এক বার্তা এবং রিকভারির কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। ছবিতে তাকে ঘরে বসে পাজল মেলাতে, পোষ্যদের সঙ্গে সময় কাটাতে এবং শুভাকাঙ্ক্ষীদের পাঠানো উপহার উপভোগ করতে দেখা গেছে। 
চোটের বিস্তারিত সম্পর্কে রাশমিকা লিখেছেন, ইনজুরি সত্যিই যন্ত্রণাদায়ক একটি বিষয়। তিনি বলেন, এটি তার পরপর তৃতীয় ইনজুরি। তিনি মনে করেন তার নিজের শরীরের প্রতি তার আরও বেশি যত্নশীল হওয়া উচিৎ।

চোটের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, হিপের দুই পাশে চারটি করে টেনডন থাকে, যা কোমরকে পায়ের সঙ্গে যুক্ত রাখে। তার ডান হিপের একটি টেনডন বিচ্ছিন্ন হয়ে গেছে, যা স্বাভাবিক কার্যক্রমের জন্য পুনরায় জোড়া লাগা প্রয়োজন। মাইসা সিনেমার নাচের দৃশ্য শুট করার সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানান এ অভিনেত্রী। 

ভক্তদের আশ্বস্ত করে রাশমিকা বলেন, ব্যথা থাকলেও তা সহনশীল পর্যায়ে রয়েছে। রসিকতা করে তিনি বলেন, এই বিরতিকে যেন ঈশ্বরের তরফ হতে জোরপূর্বক বিশ্রামের ব্যবস্থা মনে হচ্ছে তার। 

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত প্যান ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার মাইসা নিয়ে দীর্ঘদিন ধরে ব্যস্ত ছিলেন রাশমিকা। উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত এই চলচিত্রে ভারতের প্রথম নারী প্রধান পানির নিচের মারামারির দৃশ্য থাকার দাবি করছেন নির্মাতারা। সিনেমাটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

—জা.অর্থনীতি/এসআরএস