সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বর্ষার অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কিছুতেই কমছে না। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে কাঁচামরিচ, অধিকাংশ সবজি, মাছ ও মুরগির দাম লাগামহীন। এর ওপর গত এক মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে সুগন্ধি ও পোলাওয়ের চালের দাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মোগরাপাড়া চৌরাস্তা বাজার সরজমিনে ঘুরে দেখা যায়, চালের বাজারে সুগন্ধি ও পোলাওয়ের চাল মানভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়, যা এক মাস আগেও ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা। মিল পর্যায়ে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে চালের দাম বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ২৪০ টাকা, টমেটো ও দেশি পটল ১২০ টাকা, করলা ও চিচিঙ্গা ১০০ টাকা এবং ধনেপাতা ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজারে পাঙাশ ও তেলাপিয়া ২২০-২৩০ টাকা এবং রুই ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে।
বাজার করতে আসা ক্রেতা আরিফ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের আয় বাড়ে না, কিন্তু নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে। সামান্য অজুহাতে দাম বাড়লেও তা আর সহজে কমে না। সংসার চালাতে গিয়ে অনেক সময় ঋণও করতে হচ্ছে।"
সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। তবে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বর্ষা মৌসুমে সরবরাহ স্বাভাবিক রাখা এবং তদারকি জোরদার করা গেলে বাজার কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
—জা. অর্থনীতি/এলএটি
