গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদী থেকে নিখোঁজের প্রায় একদিন পর ইউনুস আলী (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ অভিযানে সকাল ১০টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইউনুস আলী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান (ঝাউলার বাজার) সংলগ্ন নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। ছুটিতে দেশে আসা ইউনুস আলীর কিছুদিন পরই ফের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে শখের বশে ঝাঁকি জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন ইউনুস আলী। কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও রাতের অন্ধকার ও ডুবুরি দলের অভাবে রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। পরবর্তীতে শুক্রবার সকালে রংপুরের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।
অভিযান চলাকালে ইদিলপুর ইউনিয়নের রুঘনাথপুর গ্রামের নলেয়া নদীর কিনারে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, নিখোঁজ প্রবাসীকে উদ্ধারে তারা রাত থেকেই তৎপর ছিলেন এবং সকালে ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবু কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
—জা. অর্থনীতি/এলএটি
