সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ
ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নাকচ করে দিয়েছে আদালত। 
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন এ আবেদন করেন।
কিন্ত শুনানি শেষে জামিন নাকচের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহর আইনজীবী আবিদ হাসান। 

এদিন আদালতে ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী। 
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। জামিন আবেদনে বলা হয়, হাজতি আসামি ডনের বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সাথে জড়িত ছিল না। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

জানা গেছে, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অভিযোগে ইমিগ্রেশন থেকে সিআইডি গ্রেফতার করে। গত রবিবার (৯ আগস্ট) সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়। 

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা গিয়েছিলেন। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে। 

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর ‘মা’ নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। 

—জা.অর্থনীতি/এসআরএস